• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেবিচকের প্রকল্পে ১০ শতাংশ কমিশন ও ভুয়া বিলের অভিযোগ, দুদকের অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬, ১৬:৫৭ অপরাহ্ণ
বেবিচকের প্রকল্পে ১০ শতাংশ কমিশন ও ভুয়া বিলের অভিযোগ, দুদকের অভিযান
সংবাদটি শেয়ার করুন....

বেবিচকের ইলেক্ট্রো-মেকানিক্যাল প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগ তদন্তে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম বুধবার (২৫ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) এ অভিযান শুরু করে। দুদকের সহকারী পরিচালক রুবেল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানের বিষয়টি সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।

দুদক সূত্রে জানা গেছে, বেবিচকের ইলেক্ট্রো-মেকানিক্যাল (ই/এম) প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে পরস্পর যোগসাজশে ১০ শতাংশ কমিশন দাবি করার অভিযোগ রয়েছে।

এ ছাড়া বিভিন্ন সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে কর্মকর্তা-কর্মচারীদের ওভারটাইম বিল দেওয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগসহ বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয় খতিয়ে দেখতে দুদকের এই অভিযান পরিচালিত হচ্ছে।

বেবিচক সূত্র জানায়, বুধবার সকালে কর্তৃপক্ষে প্রবেশের পর দুদকের অভিযানিক দল প্রথমে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় দুদকের কর্মকর্তাদের তদন্তকাজে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন চেয়ারম্যান।

পরে অভিযানিক দলটি বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) শাহরিয়ার মোরশেদ সিদ্দিকীর দপ্তরে যায়। বর্তমানে কর্তৃপক্ষের ইলেক্ট্রো-মেকানিক্যাল বিভাগে দুদকের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানের অংশ হিসেবে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট আর্থিক অনিয়মের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদকের এনফোর্সমেন্ট টিম।