• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন মেনেই সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফিরতে হবে: তথ্যমন্ত্রী পার্থ

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬, ০০:১৯ পূর্বাহ্ণ
আইন মেনেই সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফিরতে হবে: তথ্যমন্ত্রী পার্থ
সংবাদটি শেয়ার করুন....

বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়ে তাঁর বক্তব্য বা ফেরার সম্ভাব্য পদ্ধতিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইন ও নির্ধারিত বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে দেশে ফিরতে হবে। এর বাইরে অন্য কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

পার্থ বলেন, জনগণের অর্থ লুটপাট ও হত্যার অভিযোগের মুখে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে গেছেন। এখন তিনি কীভাবে দেশে ফিরবেন, বিমানে নাকি অন্য কোনো পথে আসবেন—এসব বক্তব্যের চেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা। সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

তিনি বলেন, দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তাঁর পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। বিভিন্ন বক্তব্য ও আলোচনার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ রয়েছে। আগে দেশে ফেরার বিষয়ে বাস্তব পদক্ষেপ নেওয়া হোক, এরপর পরিস্থিতি অনুযায়ী বিষয়টি বিবেচনা করা যাবে।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, দলটি নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখতে বিভিন্ন ইস্যু সামনে এনে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা কাটিয়ে সরকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে বলেও জানান তিনি।

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে পার্থ বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। অর্থনৈতিক অগ্রগতি, জাতীয় নিরাপত্তা ও জনগণের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। রাজনৈতিক কর্মসূচি পালন গণতান্ত্রিক অধিকার হলেও এর নামে কোথাও অস্থিরতা সৃষ্টি কিংবা জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা উচিত নয়।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহারের প্রবণতা রয়েছে বলে তিনি মনে করেন। বিশেষ করে বাংলাদেশের কোনো রাজনৈতিক সংঘাত বা বিচ্ছিন্ন ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ জড়িত থাকলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।

তাঁর ভাষ্য, ভারতের ক্ষমতাসীন বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে। ফলে বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তিকর চিত্র তুলে ধরা হচ্ছে কি না, তা বিবেচনায় রাখা প্রয়োজন।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ দিতে গিয়ে দুর্গাপূজার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক দুর্গাপূজা দেশের ইতিহাসে অন্যতম বড় পরিসরে উদযাপিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান বজায় রয়েছে।

বগুড়ায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ভারতীয় গণমাধ্যমে উপস্থাপনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা বিচ্ছিন্ন ঘটনাকে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা তৈরির সুযোগ দেওয়া উচিত নয়।

তথ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারের পাশাপাশি গণমাধ্যমেরও অধিক মনোযোগ দেওয়া প্রয়োজন।