বেবিচকের নিরাপত্তা বিভাগে পদোন্নতি নিয়ে বৈষম্যের অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬, ২১:১২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা বিভাগে জ্যেষ্ঠ কর্মীদের বাদ দিয়ে অপেক্ষাকৃত কনিষ্ঠদের পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি নারী নিরাপত্তাকর্মীদের জন্য বিশেষ বিবেচনায় পদোন্নতির ব্যবস্থা করার চেষ্টার অভিযোগেও বিভাগটির কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা বিভাগে পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, ১৯৮১ সালের জন্মতারিখধারী কর্মীদের বাদ দিয়ে ১৯৮২, ১৯৮৩ ও ১৯৮৪ সালের জন্মতারিখধারী কয়েকজন নারী নিরাপত্তাকর্মীকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ তাঁদের তুলনায় জ্যেষ্ঠ পুরুষ নিরাপত্তাকর্মীদের তালিকাভুক্ত করা হয়নি।
অভিযোগ অনুযায়ী, ১৯৮১ সালের জন্মতারিখধারী কর্মীদের মধ্যে কেবল একজনের নাম জ্যেষ্ঠতা তালিকায় রাখা হয়েছে। তাঁর নাম সাইফুল। এ পরিস্থিতিতে ১৯৮১ সালের জন্মতারিখধারী অন্য কর্মীরা পদোন্নতির সুযোগ পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
তালিকায় অন্তর্ভুক্ত নারী নিরাপত্তাকর্মীদের মধ্যে রয়েছেন উম্মে হানি (৬ আগস্ট ১৯৮২), নার্গিস আক্তার (১ জানুয়ারি ১৯৮৩), রাবেয়া (১ জানুয়ারি ১৯৮৩) এবং নাসরিন (১ এপ্রিল ১৯৮৪)।
এ ছাড়া কয়েকজন নিরাপত্তাকর্মীর নাম আগেও দুইবার পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকায় উঠেছিল। তবে এবার তাঁদের নাম তালিকায় না থাকায় পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীরা আরও দাবি করেছেন, নারী নিরাপত্তাকর্মীদের জন্য বিশেষ কোটা বা বিশেষ বিবেচনায় পদোন্নতির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ায় বেবিচকের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক ও উপপরিচালক পর্যায়ের কয়েকজন কর্মকর্তা ভূমিকা রাখছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের কেউ কেউ তিনটি সরকারের আমল ধরেই বেবিচকের প্রশাসন বিভাগে দায়িত্ব পালন করছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বেবিচকের সহকারী পরিচালক (প্রশাসন) তিরান হোসেনের স্বাক্ষরে নিরাপত্তাকর্মীদের একটি তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকায় থাকা কর্মীদের ডেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তালিকাভুক্তদের মধ্যে কাউকে কাউকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি বলেও অভিযোগ রয়েছে।
পদোন্নতির তালিকা তৈরি ও সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগ এবং নারী নিরাপত্তাকর্মীদের বিশেষ বিবেচনায় পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিয়ে নিরাপত্তা বিভাগের কর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।