• ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের দৈনিক ঘাটতি ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট, দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ণ
গ্যাসের দৈনিক ঘাটতি ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট, দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও উৎপাদন হচ্ছে ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন ঘাটতি থাকছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট। তবে সরকার গ্যাসের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

জাতীয় সংসদে আজ বিরোধী দলের সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে উৎপাদন হচ্ছে মাত্র ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। এতে চাহিদা ও উৎপাদনের মধ্যে প্রতিদিন ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট ঘাটতি থাকছে।

তিনি জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশকে তুলনামূলক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। বৃহস্পতিবারও সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে বেশি দামে গ্যাস কেনার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্র সচল রাখা এবং গৃহস্থালি পর্যায়ে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার এই গ্যাস কিনছে। তবে এসব কারণে সরকার গ্যাসের দাম বাড়ায়নি।

এলপিজির দাম নির্ধারণের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার এলপিজি আমদানি করে না। বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে দাম নির্ধারিত হয়। এ ক্ষেত্রে সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই।