২০২৭ সালের হজ প্রস্তুতিবিষয়ক প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের প্রতিনিধি দল
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬, ০০:৪২ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
সৌদি আরব সরকারের আমন্ত্রণে ১৪৪৮ হিজরি (২০২৭) সালের হজ মৌসুমের প্রস্তুতিবিষয়ক বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে দলটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
সৌদি আরবের জেদ্দায় ১৩৩টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গত ৫ নভেম্বর শুরু হওয়া প্রশিক্ষণ কর্মসূচি ১১ নভেম্বর শেষ হয়। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশের প্রতিনিধি দল।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ও হজ মেডিকেল টিমের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ১১ সদস্যের দলটি ‘কোয়ালিফিকেশন প্রোগ্রাম ফর হজ অ্যাফেয়ার্স অফিস মেম্বার্স অ্যান্ড গ্রুপ লিডার্স’ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এ সময় সদস্যরা হজ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন।
১৪৪৮ হিজরি হজ মৌসুমের আগাম প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ কর্মসূচির আয়োজন করে। ১১টি প্রশিক্ষণ ক্ষেত্রে পরিচালিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল হজবিষয়ক দপ্তরের সদস্য ও দলনেতাদের নেতৃত্ব এবং কর্মপরিচালনাগত দক্ষতা বাড়ানো, দায়িত্ব পালনে প্রস্তুত করা এবং নিজ নিজ দেশের হজযাত্রীদের সেবার মান উন্নয়নে সক্ষম করে তোলা।
প্রশিক্ষণে পরিবহন ব্যবস্থাপনা, আবাসন, খাবার সরবরাহ, পবিত্র স্থানগুলোতে সেবা প্রদান, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম এবং দল পরিচালনাসহ হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের পাশাপাশি ‘ট্রেইন-দ্য-ট্রেইনার’ পদ্ধতিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ২০২৭ সালের হজ কার্যক্রমে হজযাত্রীদের সঙ্গে যোগাযোগ, দ্রুত সাড়া প্রদান এবং সামগ্রিক হজ ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও কার্যকর করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।