• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নাট্যশালায় ফাস্ট ইয়ুথ ম্যাজিক ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ
জাতীয় নাট্যশালায় ফাস্ট ইয়ুথ ম্যাজিক ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফাস্ট ইয়ুথ ম্যাজিক ফেস্টিভ্যাল ২০২৫। ৩০ নভেম্বর জাদুশিল্পী ঐক্য সংস্থা আয়োজিত এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই আয়োজনে ছিল ম্যাজিক আইটেম নিলাম, ম্যাজিক ওয়ার্কশপ, জাদুশিল্পীদের প্রতিযোগিতা ও নির্বাচিত শিল্পীদের অংশগ্রহণে গালা শো। উৎসবে অংশ নেন ৭০ জন জাদুশিল্পী, যাদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ১২ জন।

বিজ্ঞ বিচারক জাদুশিল্পী রাজীব বসাক, জাদু শিল্পী মাইনুল এবং সাংবাদিক রিমন মাহফুজের বিশ্লেষণে প্রতিযোগিতায় প্রথম হন জাদুশিল্পী সেলিম রেজা, দ্বিতীয় স্থান অর্জন করেন সাহানি রাজিব এবং তৃতীয় হন আমিনা ইসলাম নিপা। বাকি ৯ জন প্রতিযোগীকে বিভিন্ন খেতাবে সম্মাননা দেওয়া হয়। এছাড়া উৎসবে অংশ নেওয়া সব জাদুশিল্পীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, এটিএন বাংলা’র অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাসিক আহমেদ এবং এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও সাজেদুর রহমান মুনিম। সভাপতিত্ব করেন জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি, নন্দিত জাদুশিল্পী শাহীন শাহ্। কনভেনার জাদু শিল্পী প্রিন্স হারুন ও সদস্যসচিব জাদুশিল্পী সাদাত মামুনের নিবিড় প্রচেষ্টায় দেশব্যাপী তরুণ জাদুশিল্পীদের অংশগ্রহণে আয়োজিত দিনব্যাপী এই রঙিন উৎসবটি জাদুশিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা এবং স্পন্সর হিসেবে ছিল ফ্রুটিকা।