জয়পুরহাটে বিচারিক কার্যক্রম আরও দ্রুত,স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৮ নভেম্বর)জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,মামলার দ্রুত নিষ্পত্তি,তদন্ত কার্যক্রমের মানোন্নয়ন এবং পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় মামলার তদন্ত নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, যথাসময়ে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এবং সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিচারপ্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমিয়ে বিচারিক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।
কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতিয়ারা আকতার ও নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তা এবং আইনজীবী সমিতির ঊর্ধ্বতন প্রতিনিধিরা।