• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ভাবমূর্তি রক্ষা ও ক্ষমতার অপব্যবহার না করার নির্দেশ নবীন কর্মকর্তাদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ণ
পুলিশের ভাবমূর্তি রক্ষা ও ক্ষমতার অপব্যবহার না করার নির্দেশ নবীন কর্মকর্তাদের
সংবাদটি শেয়ার করুন....

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখা এবং কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে নবীন কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও পেশাদারত্ব বজায় রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএসের পুলিশ ও আনসার ক্যাডারে নবনিযুক্ত কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে সেই সংশ্লিষ্টতা কোনোভাবেই যেন তাঁদের কর্মজীবনে প্রতিফলিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সুপিরিয়র সার্ভিসে তাঁদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং দেশের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন, সমাজের সামগ্রিক নিরাপত্তা এবং জনগণের স্বস্তি অনেকাংশে তাঁদের কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল।

কর্মকর্তাদের উদ্দেশে কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, চাকরিজীবনে সব সময় শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা পালন করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্যান্য ক্যাডার সার্ভিসের তুলনায় পুলিশ ও আনসার ক্যাডারের দায়িত্ব সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। এসব দায়িত্ব পালনে অনেক সময় মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে বুদ্ধিমত্তা, পেশাদারত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উল্লেখ্য, ১ নভেম্বর সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিসিএস পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং বিসিএস আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।