
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে—জার্মানির পক্ষ থেকে এমনই প্রত্যাশা জানানো হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে অংশ নিয়ে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয়—এটাই আমাদের প্রত্যাশা। পাশাপাশি আমরা আশা করি ভোটার উপস্থিতিও উল্লেখযোগ্য হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, ৬০ শতাংশ ভোট পড়বে—আমরাও একই প্রত্যাশা করি। তিনি আরও বলেন, ভোটের প্রচারণার সময় রাজনৈতিক সহিংসতা যেন কম হয়, এটাই আমাদের প্রত্যাশা। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।