• ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তেল-গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবিতে সমতা পার্টির সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬, ১৯:১৩ অপরাহ্ণ
তেল-গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবিতে সমতা পার্টির সমাবেশ
সংবাদটি শেয়ার করুন....

তেল, গ্যাস ও বিদ্যুতের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দাম কমানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ সমতা পার্টি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় ‘সরকারের ব্যর্থতায় তেল-গ্যাস-বিদ্যুতের লাগামহীন ঊর্ধ্বগতি, দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমতা পার্টির সভাপতি হানিফ বাংলাদেশী। এতে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ এম এ জলিল, অলক চৌধুরী, মিল্লত হোসেন, সৌরভ হোসেন বেলাল, মাহবুবা নার্গিস শানু, আব্দুল্লা আল মামুন, শহিদুল ইসলাম ও দিদার হোসেনসহ অনেকে।

সভাপতির বক্তব্যে হানিফ বাংলাদেশী বলেন, সরকার তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান করতে পারছে না। এর ওপর এসব জ্বালানি ও সেবার দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।

তিনি অভিযোগ করেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার তেল-গ্যাস সংকটকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে তুলে ধরছে। তাঁর দাবি, ইউনূসের করা ‘রেসিপ্রোকাল ট্রেড’ নামে বাণিজ্য চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া বিশ্বের অন্য কোনো দেশ থেকে তেল ও গ্যাস আমদানি করা যাচ্ছে না। তাঁর ভাষায়, এটি একটি ‘গোলামি চুক্তি’। তিনি আরও বলেন, বিএনপি চুক্তিটি বাতিল না করে এর বৈধতা দিয়েছে এবং এ চুক্তির কারণে তেল-গ্যাসের দাম বাড়ছে।

হানিফ বাংলাদেশী বলেন, জনগণ আন্তর্জাতিক সমস্যা নিয়ে ভাবতে চায় না; তারা চায় জীবনযাপনের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ। এসব সেবা কোথা থেকে এবং কীভাবে নিশ্চিত করা হবে, তা সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে নিরাপদে জীবনযাপনের প্রত্যাশায় ভোট দিয়েছে। কিন্তু বর্তমানে জননিরাপত্তা বলে কিছু নেই।

সমাবেশ থেকে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান হানিফ বাংলাদেশী। দাবি পূরণ না হলে গণআন্দোলনের মুখে সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।