• ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ণ
প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের
সংবাদটি শেয়ার করুন....
তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিন ওয়ার্ডে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই পরিকল্পনার আওতায় সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নেও একটি করে মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ পরিকল্পনা অনুযায়ী, দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সোমবার সিলেট সার্কিট হাউসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নেও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে একটি করে মাঠ তৈরি করা হবে।
বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, খেলাধুলার প্রসারে প্রয়োজনীয় মাঠ ও অবকাঠামো নির্মাণকে সরকার গুরুত্ব দিচ্ছে। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েও কাজ চলছে।
তিনি আরও বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ক্রীড়াবিদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা জরুরি। ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, হকি ও টেনিসসহ বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়রা দেশের গর্ব ও সম্পদ। তাঁদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে হবে।
জাতীয় পর্যায়ে কাবাডি ও ফুটবলে সিলেটের বিজয়ী প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তাঁদের এই সাফল্য সিলেটবাসীর জন্য গর্বের। সিলেটে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং খেলার মাঠের সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কাবাডি খেলোয়াড়দের অনুশীলনের উপযোগী ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হবে।
বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও এম এ মালিক, সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এ সময় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকেরাও উপস্থিত ছিলেন।