বাংলা কিউআর লেনদেনে কোনো ফি বা চার্জ লাগবে না: অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬, ২১:৫৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, সরকারের এ উদ্যোগের আওতায় কিউআর কোড ব্যবহার করে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এর জন্য গ্রাহককে অতিরিক্ত কোনো ফি বা চার্জ দিতে হবে না।
আজ রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও কিউআর কোডভিত্তিক লেনদেন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ফুসকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। এ ব্যবস্থার মাধ্যমে ফুটপাতের বিক্রেতা থেকে শুরু করে ছোট-বড় ব্যবসায়ীরা যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে সহজেই কিউআর কোড ব্যবহার করে অর্থ গ্রহণ করতে পারবেন।
তিনি বলেন, ক্যাশলেস লেনদেনের ফলে মানুষের সঙ্গে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে। এতে লেনদেনের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে।
প্রাথমিক পর্যায়ে বাংলা কিউআর কোড ব্যবহারে কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন ইতোমধ্যে সহজ ও নিরাপদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এ চর্চাকে দেশে ব্যাপকভাবে চালুর লক্ষ্যে কাজ করছে।
অর্থমন্ত্রী দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো ধরনের দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ লেনদেনে অংশ নেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, বাংলা কিউআরভিত্তিক লেনদেনের বিস্তার ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি দেশের আর্থিক লেনদেনকে আরও আধুনিক ও সহজ করতে ভূমিকা রাখবে।