• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম: মাহবুবের রহমান শামীম

অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬, ২৩:৪০ অপরাহ্ণ
শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম: মাহবুবের রহমান শামীম
সংবাদটি শেয়ার করুন....

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্ক চর্চার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ওঠার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা ছড়িয়ে দিতে হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দৃষ্টি চট্টগ্রামের ২০তম স্কুল বিতর্ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘যুক্তির আলো ছড়িয়ে পড়ুক চট্টগ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে’ প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম মহানগর ও জেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৯ জন শিক্ষার্থী অংশ নেয়।

মাহবুবের রহমান শামীম বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তি দিয়ে চিন্তা করতে, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে এবং নিজেদের মতামত সুন্দর ও সুসংগঠিতভাবে উপস্থাপন করতে সহায়তা করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও চিন্তাশক্তি বিকাশে সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত বিতর্ক চর্চার সুযোগ তৈরি করা প্রয়োজন।

অনুষ্ঠানে দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, কর্মশালার সমন্বয়কারী মুজিবুল হক ও সহ-সমন্বয়কারী জুনায়েদ আসাদ বক্তব্য দেন।

সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চার বিভিন্ন অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরা হয়।