• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেবিচকে দুদকের অভিযান: বিলে ১০-২০% ঘুষ, শনিবারে ২১ ঘণ্টা ওভারটাইম!

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৬, ০০:১৬ পূর্বাহ্ণ
বেবিচকে দুদকের অভিযান: বিলে ১০-২০% ঘুষ, শনিবারে ২১ ঘণ্টা ওভারটাইম!
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) -এর ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) শাখায় ঠিকাদারদের বিল পরিশোধে ১০ থেকে ২০ শতাংশ ঘুষ, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ওভারটাইম বিলে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২৫ নভেম্বর, বুধবার দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক রুবেল হোসেন। অভিযান শুরুর আগে টিমটি বেবিচক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে। চেয়ারম্যান দুদক দলকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। পরে টিমটি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) এর দপ্তরসহ সংশ্লিষ্ট শাখার নথিপত্র, বিল-ভাউচার ও হাজিরা খাতা যাচাই করে।

দুদক সূত্রে জানা গেছে, বেবিচকের ই/এম প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমিশন দাবির অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, একটি ঠিকাদারি কাজের ফাইলে প্রায় ৯০ থেকে ৯৪টি সই নিতে হয়। প্রাক্কলন থেকে শুরু করে প্রশাসনিক অনুমোদন, ফাইনাল বিল ও এমবি (মেজারমেন্ট বুক) পর্যন্ত প্রতিটি ধাপে ঘুষ দিতে হয়। শতকরা হারে ঘুষ না দিলে ফাইনাল বিলে সই করেন না সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

এমনকি ঠিকাদাররা যে প্রতিষ্ঠান থেকে পণ্য কেনেন, সেই প্রতিষ্ঠান থেকেও প্রকৌশলীরা শতকরা হিসাবে ঘুষ নেন বলে অভিযোগ উঠেছে। সিভিল ডিভিশনেও একই অবস্থা বিরাজ করছে বলে সূত্র জানিয়েছে।

বিভিন্ন সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগেরও প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। যন্ত্রপাতি কেনাকাটা ও মেরামতের নামে অর্থ আত্মসাতের তথ্যও মিলেছে। এ বিষয়ে ঠিকাদারদের কাছ থেকেও তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছে আভিযানিক দল।

অভিযানে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে ওভারটাইম বিলে।

দুদকের সহকারী পরিচালক রুবেল হোসেন সাংবাদিকদের জানান, ২০২৬ সালের অক্টোবর মাসে শাহজাহান হোসেন নামে একজনের ওভারটাইম দেখানো হয়েছে ২০৯ ঘণ্টা। কিন্তু হাজিরা খাতার হিসাব অনুযায়ী তার কর্মঘণ্টা পাওয়া গেছে ১৬১ ঘণ্টা। অর্থাৎ ৪৮ ঘণ্টা বেশি দেখানো হয়েছে।

২০২৫ সালের হাজিরা খাতা পর্যালোচনা করে দেখা যায়, কর্মঘণ্টা ১৪২ ও ১৪৫ ঘণ্টা থাকার পরও ২০৩ থেকে ৪০০ ঘণ্টা পর্যন্ত ওভারটাইম দেখানো হয়েছে। ২০২৪ সালের নথিতেও ২০৯, ২৭৬ ও ৩০৫ ঘণ্টা ওভারটাইম দেখানোর তথ্য পাওয়া গেছে।

বছরজুড়ে প্রতি শনিবার ২১ ঘণ্টা করে কাজ দেখিয়ে ওভারটাইম বিল নেওয়ার তথ্যও পেয়েছে দুদক। এ বিষয়ে রুবেল হোসেন বলেন, “আমি জানি না কোন অফিসে শনিবারে ২১ ঘণ্টা কাজ হয়!”

অভিযান চলার সময়ও একজনকে ওভারটাইমের তথ্য পূরণ করতে দেখেছেন বলে জানান তিনি। কর্মস্থলে উপস্থিত না থেকেও ওভারটাইম বিল নেওয়া, হাজিরা খাতায় কাটাকাটি এবং প্রকৃত কর্মঘণ্টার চেয়ে বেশি সময় দেখিয়ে বিল নেওয়ার তথ্যও পাওয়া গেছে।

কোন কর্মচারী কত ঘণ্টা ওভারটাইম করবেন, সে বিষয়ে কোনো অফিস আদেশ বা অনুমোদনের নথি অভিযানের সময় পায়নি দুদক।

রুবেল হোসেন বলেন, “অফিস প্রধান মানে ইউনিট প্রধানের সাথে কথা হলো, উনি নিজেই জানেন না কে কত ঘণ্টা ওভারটাইম করতেছে। কোনো অফিস আদেশ নাই।”

বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, দুদকের অভিযানে ওঠা অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানিয়েছেন, ঠিকাদারদের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ওভারটাইম, যন্ত্রপাতি কেনাকাটা ও মেরামতের নামে অর্থ আত্মসাতের তথ্যও মিলেছে। পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।