মিরপুরে শ্রমিক আন্দোলনে সহিংসতার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে সংঘটিত সহিংসতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উসকানি ও নাশকতায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, এ ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। সরকারি দায়িত্বশীল মহলের দাবি, সাধারণ শ্রমিকদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।
সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন মজুরি বোর্ড গঠন করেছে। সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই বোর্ড দ্রুততম সময়ের মধ্যে নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করবে বলে জানানো হয়েছে।
এদিকে শ্রমিকের ছদ্মবেশে কেউ রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা, অগ্নিসংযোগ বা জননিরাপত্তা বিঘ্নিত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান আজ সংবাদমাধ্যমকে জানান, আন্দোলন সহিংস রূপ নেওয়ার পর পুলিশের ওপর হামলা এবং সরকারি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ দলের নেতাকর্মীদের নাশকতায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার উদ্দেশ্যে মিরপুরে জড়ো হয়েছিলেন। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা অভিযান চলছে।
আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্য, তৈরি পোশাক খাতের শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা শ্রমিকের ছদ্মবেশ ধারণ করছেন অথবা শ্রমিকদের আড়ালে থেকে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন।
আজ মিরপুর এলাকায় আন্দোলনের নামে সড়ক অবরোধ করে সহিংসতা শুরু হলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুরের গুরুত্বপূর্ণ কয়েকটি মেট্রো স্টেশন কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এতে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং হাজারো মানুষ ভোগান্তিতে পড়েন।