
অপরিচিত দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশ পাস না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে। সচিবালয়ে অপরিচিতদের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) প্রদান বন্ধ রাখতে সম্প্রতি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের উদ্দেশে এ নির্দেশনা পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবদের একান্ত সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবরা সচিবালয়ের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশের জন্য ওটিপি দিয়ে থাকেন। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, অনুমোদিত কর্মকর্তাদের কাছ থেকে ওটিপি সংগ্রহ করে কিছু দর্শনার্থী ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, যার ফলে সচিবালয়ের কর্মপরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিচ্ছে। তাই দর্শনার্থীদের অনুকূলে ওটিপি প্রদানের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
এ অবস্থায় পরিচয় নিশ্চিত না করে কাউকে ওটিপি না দেওয়ার পাশাপাশি অপরিচিত, স্বল্পপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব ও সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনারের কাছেও পাঠানো হয়েছে। উপ-পুলিশ কমিশনারকে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা শক্তিশালী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকে এবং এসব দিনে শুধুমাত্র অনুমোদিত কার্ডধারীরাই প্রবেশ করতে পারেন।