• ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রুটিবিহীন ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ১৯:১৬ অপরাহ্ণ
ত্রুটিবিহীন ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের
সংবাদটি শেয়ার করুন....

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একটি ত্রুটিমুক্ত ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিসেম্বর–২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে এ আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এ কারণে নির্বাচনকালীন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না, সে বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠন কিংবা কোনো গোষ্ঠী যাতে নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং কোনো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের সুযোগ না পায়, সে বিষয়েও কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। নির্বাচন ঘিরে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ যেন না ওঠে, সে বিষয়ে সবাইকে পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) নির্বাচনকালীন দায়িত্ব পালনে আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক পুলিশ সদস্যকে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে নির্বাচন পরিচালনায় ভূমিকা রাখতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারীদের আগাম শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিসেম্বর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, মহানগরের সব থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।