• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন
সংবাদটি শেয়ার করুন....

বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করায় বাংলাদেশের প্রশংসা করেছে জাপান। একই সঙ্গে নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে দেশটি।

ঢাকাস্থ জাপান দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে জাপান সরকার জানায়, বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিশ্বাসযোগ্য পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় তারা আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হচ্ছে এবং বিশেষভাবে বিএনপি ও এর চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনী বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।

নতুন সরকার গঠন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুচারুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে জাপান দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার আগ্রহ ব্যক্ত করেছে।

এতে আরও বলা হয়, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে ঢাকা ও টোকিওর মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে জাপান ভবিষ্যতেও সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে।