• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০০:৪৯ পূর্বাহ্ণ
জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে। স্বাধীন কমিশন বাস্তবায়নের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার জন্য নির্বাচনি ইশতেহারের ৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নিবেদিতভাবে কাজ করতে হবে।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর দপ্তরে যোগদান উপলক্ষ্যে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এসময় সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, কার্যকর তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে সমাজে ভিন্ন মতকে সঠিকভাবে প্রবাহিত করাই এ মন্ত্রণালয়ের কাজ। তিনি বলেন, নির্বাচনের আগে দেশে ফিরে প্রধানমন্ত্রী জনগণের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছেন তার বাস্তবায়ন ও অগ্রগতি যথাসময়ে জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে মন্ত্রণালয়কে। তিনি আরো বলেন, প্রযুক্তির বিকাশের সাথে সাথে সত্য প্রকাশের যে চ্যালেঞ্জগুলো সামনে আসছে সেগুলোকে প্রযুক্তি দিয়েই মোকাবিলা করতে হবে। এ জন্য নিউমিডিয়ার শক্তিকে কাজে লাগাতে হবে।
সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দেশের স্বার্থে সকলে মিলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় ও পরিচিতিমূলক সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং এর আওতাধীন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় নবনিযুক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।