• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে , থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি

বিবিসি বাংলার প্রতিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
মঙ্গলবার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে , থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি
সংবাদটি শেয়ার করুন....

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মঙ্গলবার অনুষ্ঠিতব্য এ আয়োজনে প্রায় ১২শ দেশি-বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আয়োজনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এদিন নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথকভাবে শপথ নেবেন বলে জানা গেছে। দীর্ঘদিনের প্রচলিত প্রথার বাইরে গিয়ে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রায় ১২শ জন দেশি-বিদেশি অতিথি অংশ নেবেন। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসারের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে। আইন উপদেষ্টা রবিবার সাংবাদিকদের জানান, সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।