
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সাথে আজ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে মহিলা ও শিশুদের নিয়ে প্রতিশ্রুতি থাকায় গতানুগতিক ধারার বাইরে গিয়েও আমাদের কাজ করতে হবে। এছাড়া, চলমান যে পলিসিসমূহ রয়েছে সেগুলোতে হয়তো কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। সবকিছু নির্ভর করবে সরকারের বাজেট এবং কার্যক্রম বাস্তবায়নে মন্ত্রণালয়ের সক্ষমতার ওপর। জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য সকলের সাথে টিমওয়ার্কের মাধ্যমে মন্ত্রণালয়কে সামনে এগিয়ে নিতে হবে। তিনি ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরকে আন্তর্জাতিকমানের ডিএনএ ল্যাব তৈরি করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন এবং ডিএনএ ল্যাব তৈরিতেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সভায় প্রতিমন্ত্রী বলেন, দেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। উন্নয়ন প্রকল্পসমূহের কার্যক্রম শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবিক অর্থে যাতে জনগণের কাজে লাগে এমনভাবে বাস্তবায়ন করতে হবে। সীমিত সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে একজন নারী এবং শিশুর ভবিষ্যৎ জীবন আমরা কীভাবে গড়ে তুলতে পারি সে বিষয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। সম্পদের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে ও সম্পদের অপচয় যেন না হয় সেদিকে খেয়াল রেখে মানুষের সঠিক সমস্যাকে চিহ্নিত করার মাধ্যমে সেটির সমাধান নিশ্চিত করে মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে। তিনি বলেন, এ মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়নে আমরা অনেক কাজ একসাথে না নিয়ে যদি দশটি কাজ নিয়ে এর সফল বাস্তবায়ন করতে পারি তাহলে সেটিই হবে সত্যিকার অর্থে মন্ত্রণালয়ের সাফল্য। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারী ও শিশু মন্ত্রণালয়কে একটি কার্যকর মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের নারী ও শিশুদের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় মহিলা ও শিশু বিষয়ক সিনিয়র সচিব মমতাজ আহমেদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং অধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় নারী ও শিশু মন্ত্রণালয়ের কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নিয়ে তথ্যচিত্র উপস্থাপনা করা হয়।