• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬, ১৩:০৭ অপরাহ্ণ
মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর রমনা থানাধীন মৌচাক ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক (২১) এবং সিএনজি অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০)।

দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোরে মৌচাক ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হন এবং একজন আহত হন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত মোটরসাইকেল আরোহীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত শিক্ষার্থী ইয়াসিনের ফুপা জাহাঙ্গীর আলম জানান, রাতে বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল ইয়াসিন। পরে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পান। ইয়াসিন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। তার বাড়ি রাজধানীর মুগদায়। বাবার নাম জহিরুল ইসলাম।

এদিকে নিহত সিএনজি অটোরিকশা চালক নয়ন তালুকদারের ছেলে বাবুল তালুকদার জানান, ভোরে তার বাবা সিএনজি নিয়ে বের হন। পরে হাসপাতাল থেকে দুর্ঘটনার খবর পেয়ে এসে বাবার মরদেহ দেখতে পান। নয়নের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মগড়া গ্রামে। তিনি পরিবারসহ যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বসবাস করতেন।