• ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার নিন্দা

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ণ
রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার নিন্দা
সংবাদটি শেয়ার করুন....

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সংঘাত বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সরকার।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

বিবৃতিতে বলা হয়, গত ১০ অক্টোবরের ওই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন, যাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ নিহত দুই বাংলাদেশিসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বেসামরিক নাগরিকদের জীবন বিপন্নকারী এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এ হামলা অগ্রহণযোগ্য এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’

বাংলাদেশ এ ঘটনায় সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।