শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ভিত্তি স্থাপন করেন-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬, ০০:০৮ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর আদর্শের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি প্রান্তের সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি স্থাপন করেছিলেন।
আজ ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সেমিনার হলে সমতলের নৃগোষ্ঠী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলের প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম কিংবা সমতল- বাংলাদেশের যে প্রান্তেই বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করুক না কেন, তাদের নিজস্ব ভাষা-সংস্কৃতির সুরক্ষা, আধুনিক শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করার বিষয়ে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সরকার পরিচালনায় ‘রেইনবো নেশন’- শব্দটির মাহাত্ম্য উপলব্ধি করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি পার্বত্য অঞ্চলের ও সমতলের জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আর্থ-সামাজিক, সংস্কৃতি ও সার্বিক সামাজিক উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন মন্ত্রী।
বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী সংগঠনের প্রতিনিধিদলের বিভিন্ন প্রস্তাব ও দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, প্রতিনিধিদল যেসব প্রস্তাবনা পেশ করেছে, তা গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তাবিত যৌক্তিক দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ বিবেচনা করবেন।
মতবিনিময় সভায় সমতলের নৃগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের সার্বিক জীবনযাত্রা, শিক্ষা, সংস্কৃতি রক্ষা এবং
ভূ-সম্পত্তি সংক্রান্ত নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী তাদের সকল কথা শোনেন এবং আশ্বাস দেন যে, সরকারের সাথে সকল জাতিগোষ্ঠীর এই আলোচনার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দল ও সমতলের নৃগোষ্ঠী সংগঠনের সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলের সাধারণ সম্পাদক শিশির দিও ও দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।