• ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬, ২১:১৪ অপরাহ্ণ
জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
সংবাদটি শেয়ার করুন....

টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, দেশগঠন ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

সাক্ষাৎকালে দেশের ব্রডকাস্ট সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং টেলিভিশন সাংবাদিকতার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক উত্তরণ ও পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে গণমাধ্যমের প্রতিনিধিরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তাদের সহযোগিতা কামনা করেন।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের কঠিন সময়ে সাংবাদিকদের পাশে থাকার স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, তিনি সাংবাদিকদের সাহচর্য, সমর্থন ও ভালোবাসা পেয়েছেন। সে সময় গণমাধ্যমকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি সাংবাদিকদের পাশে থাকার কথাও জানান।

রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে গণতন্ত্রচর্চা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে দেশ আরও এগিয়ে যেতে পারত। দীর্ঘ সংগ্রাম ও রক্তপাতের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ পরিহারের আহ্বান জানান তিনি।

গণমাধ্যমের মান নিয়ে রাষ্ট্রপতি বলেন, শুধু টেলিভিশন চ্যানেলের সংখ্যা বাড়ালেই হবে না, একই সঙ্গে এর গুণগত মানও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে গণমাধ্যমের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নীতিনির্ধারকদের গণমাধ্যমের সমস্যাগুলো বৃহৎ পরিসরে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দূরদৃষ্টির মাধ্যমে বিবেচনা করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, ডিজিটালাইজেশন ও স্বনির্ভরতার মাধ্যমে টেলিভিশন চ্যানেলগুলোকে টেকসই করতে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জনআস্থা ধরে রাখার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

সাক্ষাৎকালে বিজেসির নেতৃবৃন্দ জানান, সংগঠনটি মূলত সম্প্রচার সাংবাদিকদের কল্যাণে কাজ করে। সাংবাদিকদের পেশাগত গুণগত মান উন্নয়নে প্রশিক্ষণের পাশাপাশি স্বাস্থ্য সহায়তা, বীমাসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

রাষ্ট্রপতি বিজেসির কল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি সাংবাদিকদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন তিনি।

সাক্ষাৎকালে বিজেসি প্রতিনিধিদলের সদস্য ফাহিম আহমেদ, ইলিয়াস হোসেন, তালাত মামুন, মাহমুদ হাসান, শরিফুল ইসলাম খান, শাহ আজিজুর রহমান কিরণ, জামানুল ফেরদৌস মানু, বেলায়েত হোসেন, নায়লা পারভীন পিয়া ও সাইফুল শাকিল উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও সহকারী সামরিক সচিব উপস্থিত ছিলেন।