• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি কর্পোরেশনে ই-রিকশার নতুন বিধিমালা: নিবন্ধন ছাড়া চললেই শাস্তি, সর্বোচ্চ গতি ২৫ কিমি

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ণ
সিটি কর্পোরেশনে ই-রিকশার নতুন বিধিমালা: নিবন্ধন ছাড়া চললেই শাস্তি, সর্বোচ্চ গতি ২৫ কিমি
সংবাদটি শেয়ার করুন....

অবশেষে সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির ই-রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে নতুন বিধিমালা প্রণয়ন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রণীত ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ অনুযায়ী, এখন থেকে নিবন্ধন ও ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না।

কি আছে নতুন বিধিমালায়

বিধিমালা অনুযায়ী, একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ৫টি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন। একটি সিটি কর্পোরেশনে নিবন্ধিত রিকশা অন্য কোনো সিটি কর্পোরেশনে চালানো যাবে না। প্রতিটি নিবন্ধিত রিকশাকে QR কোড সম্বলিত ইউনিক নম্বর প্লেট দেওয়া হবে, যা সহজেই দৃশ্যমান থাকতে হবে। ইলেকট্রনিক লাইসেন্সের মেয়াদ হবে ১২ মাস।

স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় ই-রিকশার সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ১৫ কিলোমিটার এবং অন্যান্য সড়কে ২৫ কিলোমিটার। চালক ব্যতীত ২ অথবা ৪ জনের বেশি যাত্রী বহন করা যাবে না। রাতে চলাচলের ক্ষেত্রে হেডলাইট, টেইল লাইট, স্পিডোমিটার ও ওডোমিটার থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাস র‌্যাপিড ট্রানজিট (BRT) সড়ক ও ফুটপাতে ই-রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে নির্ধারিত স্থানে চার্জিং স্টেশন ও পার্কিং জোন স্থাপন করবে।

পরিবেশগত নির্দেশনা ও ফি

বিধিমালায় পরিবেশ রক্ষায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। রেজিস্টার্ড স্টেশন ছাড়া ব্যাটারি চার্জ করা যাবে না। পুরাতন ব্যাটারি খোলা স্থানে ফেলা, পোড়ানো বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ভাঙা বা গলানো নিষিদ্ধ। নতুন ব্যাটারি বিক্রির সময় বিক্রেতাকে পুরাতন ব্যাটারি ফেরত নিতে হবে।

ফি নির্ধারণ করা হয়েছে— ২ জন ধারণক্ষমতার রিকশার জন্য নিবন্ধন ফি ৮ হাজার টাকা ও বাৎসরিক নবায়ন ফি ৪ হাজার টাকা। ৪ জন ধারণক্ষমতার রিকশার জন্য নিবন্ধন ফি ১০ হাজার ও নবায়ন ফি ৫ হাজার টাকা। এছাড়া ফিটনেস সার্টিফিকেট ফি ১ হাজার টাকা।

স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা জানান, সড়কে শৃঙ্খলা, যাত্রী নিরাপত্তা ও পরিবেশ দূষণ রোধেই এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে। বিধিমালা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।