• ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগে জ্বালানি খাতে উদ্বেগ

অনুমোদনহীন প্ল্যান্টের (শোধনাগার) নামে যন্ত্রপাতি আমদানিতেও বিপুল অংকের শুল্ক ফাঁকি

মোঃ রিপন আলী
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ণ
অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগে জ্বালানি খাতে উদ্বেগ
সংবাদটি শেয়ার করুন....

সরকারি অনুমোদন ছাড়াই চট্টগ্রামে জ্বালানি তেল পরিশোধনাগার নির্মাণের অভিযোগ উঠেছে টিকে গ্রুপের প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ফাঁকি এবং অনুমোদনহীন প্ল্যান্টে অপরিশোধিত তেল আমদানির উদ্যোগ নেওয়ার অভিযোগও রয়েছে। বিষয়টি নিয়ে জ্বালানি খাতের সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

দেশের জ্বালানি সংকটের মধ্যে স্পর্শকাতর এ খাতে সরকারি আইন ও নীতিমালা অনুসরণ না করে প্রতিষ্ঠানটি রিফাইনারি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। একটি তেল পরিশোধনাগার নির্মাণে ৩০টির বেশি সরকারি অনুমোদন প্রয়োজন হলেও সেগুলো ছাড়াই কারখানার যন্ত্রপাতি আমদানি ও নির্মাণকাজ এগিয়ে নেওয়া হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

সরকারি নথিপত্র পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটির নির্মাণাধীন প্ল্যান্টের জন্য প্রয়োজনীয় রিফাইনিং লাইসেন্স বা সরকারি অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। এ অবস্থায় বিপুল পরিমাণ কৌশলগত কাঁচামাল আমদানির আবেদন করায় নীতিনির্ধারণী মহলেও প্রশ্ন তৈরি হয়েছে।

একটি রিফাইনারি নির্মাণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন, কলকারখানা অধিদপ্তরের নিরাপত্তা অনুমোদন, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের বিশেষ পারমিট এবং এনবিআরের কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সসহ বিভিন্ন অনুমোদন প্রয়োজন।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে অবৈধ লেনদেনের মাধ্যমে এসব অনুমোদন ছাড়াই নির্মাণকাজ চালানো হচ্ছে। পাশাপাশি যন্ত্রাংশ আমদানির আড়ালে কোনো অবৈধ পণ্য এসেছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ক্ষেত্রে শত শত কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগও রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, নির্মাণকাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি তাদের প্ল্যান্টে পরিশোধনের জন্য বছরে ১২ লাখ টন অপরিশোধিত তেল আমদানির অনুমতি চেয়েছে। এ বিষয়ে বিপিসির কাছে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড আমদানির অনুমতি চাওয়া হয়েছে।

গত ২৭ অক্টোবর ২০২৬ বিপিসির চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার ২০২৭ পঞ্জিকা বর্ষের জন্য এ তেল আমদানির অনুমতি চান। চিঠিতে বলা হয়, আমদানি করা কাঁচামাল নতুন প্ল্যান্টে পরিশোধন করে উৎপাদিত পেট্রোলিয়াম পণ্য বিপিসিকে সরবরাহ করা হবে। তবে আবেদন করার সময়ও প্ল্যান্টটির রিফাইনারি লাইসেন্স বা চালুর সরকারি অনুমোদনের তথ্য পাওয়া যায়নি।

এর আগে ১৪ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে দেওয়া চিঠিতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, দৈনিক ৩৫ হাজার ব্যারেল পরিশোধনক্ষমতার প্ল্যান্টটি লাইট ক্রুড পরিশোধনের উপযোগী করে নির্মাণ করা হচ্ছে। এ জন্য বছরে ২০ লাখ টন সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড অথবা সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড আমদানির আগ্রহ প্রকাশ করা হয়েছিল।

অর্থাৎ জুলাইয়ের চিঠিতে যে পরিমাণ ও ধরনের কাঁচামালের কথা বলা হয়েছিল, অক্টোবরের আবেদনে তাতে পরিবর্তন এসেছে। নতুন আবেদনে আট লাখ টন হেভি ক্রুড আমদানির বিষয়টিও যুক্ত হয়েছে।

২৭ অক্টোবরের চিঠি ও সংশ্লিষ্ট নথিপত্রে কনডেনসেট এবং লাইট ক্রুডকে একইভাবে উপস্থাপনের বিষয়টি বিশেষজ্ঞদের নজরে এসেছে। চিঠিতে বিপিসির ১০ আগস্টের একটি পত্রের সূত্র উল্লেখ করে বলা হয়, ২০২৭ সালে প্রতিষ্ঠানটি বিপিসিকে দুই লাখ ৫৬ হাজার ৫০০ টন অকটেন, এক লাখ ১৯ হাজার টন পেট্রোল, চার লাখ ৬৬ হাজার ৫০০ টন ডিজেল এবং তিন লাখ ৬১ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল (এইচএফও) সরবরাহের পরিকল্পনা করেছে।

এ পরিমাণ জ্বালানি সরবরাহের জন্য চার লাখ টন লাইট ক্রুড ও আট লাখ টন হেভি ক্রুড আমদানি প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ইস্টার্ন রিফাইনারির সাবেক এক মহাব্যবস্থাপক বলেন, কনডেনসেটকে সাধারণভাবে লাইট ক্রুড অয়েল হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। কনডেনসেট মূলত গ্যাসক্ষেত্র থেকে পাওয়া গ্যাসের উপজাত। অন্যদিকে ক্রুড অয়েল আসে তেলক্ষেত্র থেকে। এ দুই কাঁচামালের উৎস ও বৈশিষ্ট্য আলাদা।

জ্বালানি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও ভূতত্ত্ববিদদের মতে, কনডেনসেট ও লাইট ক্রুডের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। সরকারি ও বিপিসির আগের নিয়মাবলিতে কনডেনসেটকে লাইট ক্রুড হিসেবে উল্লেখ করার নজির নেই বলেও তাঁরা জানিয়েছেন।

অনুসন্ধানে প্রতিষ্ঠানটির বিভিন্ন সময়ে পাঠানো চিঠিতে পরিকল্পনার অসঙ্গতিও পাওয়া গেছে। বিপিসির মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইন স্বাক্ষরিত ১০ আগস্টের চিঠিতে ২০২৭ সালের জন্য সুপার পেট্রোকেমিক্যালের কাছ থেকে সম্ভাব্য জ্বালানি সরবরাহের পরিমাণ জানতে চাওয়া হয়। বিপিসির আমদানি পরিকল্পনা তৈরির জন্য অকটেন, পেট্রোল, ডিজেলসহ বিভিন্ন গ্রেডের জ্বালানি সরবরাহের পরিমাণ জানাতে বলা হয়েছিল।

এর জবাবে ১২ আগস্ট প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার সাহা স্বাক্ষরিত চিঠিতে ২০২৭ সালে বিপিসিকে মোট ১২ লাখ তিন হাজার টন পরিশোধিত জ্বালানি সরবরাহের পরিকল্পনা জানানো হয়।

পরিকল্পনা অনুযায়ী, ফেব্রুয়ারি ছাড়া বছরের বাকি ১১ মাসে প্রতি মাসে ২১ হাজার ৫০০ টন অকটেন ও ১০ হাজার টন পেট্রোল সরবরাহের কথা বলা হয়। মে থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে ৫০ হাজার টন ডিজেল এবং ৪২ হাজার টন এইচএফও সরবরাহের পরিকল্পনাও জানানো হয়।

চিঠিতে বলা হয়, বর্তমানে নির্মাণাধীন দৈনিক ৩৫ হাজার ব্যারেল ক্ষমতার ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) ২০২৭ সালের মার্চে চালুর পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনা বিবেচনায় নিয়ে এপ্রিল থেকে জ্বালানি সরবরাহের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। অথচ এর আগে ১৪ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে পাঠানো চিঠিতে প্ল্যান্টটির জন্য বছরে ২০ লাখ টন অ্যারাবিয়ান লাইট ক্রুড অথবা মারবান ক্রুড আমদানির আগ্রহের কথা জানানো হয়েছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে সুপার পেট্রোকেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার সাহার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, ‘সুপার পেট্রোকেমিক্যালের ১২ লাখ টন ক্রুড অয়েল আমদানির প্রস্তাবটি আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। বর্তমানে বেসরকারি কিছু প্রতিষ্ঠান কনডেনসেট আমদানি করে অথবা দেশীয় উৎস থেকে কনডেনসেট সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করছে। দীর্ঘদিন ধরেই এ কার্যক্রম চলে আসছে। এ ক্ষেত্রে ২০২৩ সালের নীতিমালায় আমদানি, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের সুযোগ রয়েছে। তাই বিদ্যমান নীতিমালা, অনুমোদন এবং তাদের কার্যক্রমের আইনি ভিত্তি যাচাই করতে হবে। শুধু সাদা চোখে দেখলে হবে না, বিষয়টি গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।’

বিপিসির একজন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সুপার পেট্রোকেমিক্যালের প্ল্যান্টের অনুমোদন নেই। একই সঙ্গে প্রতিষ্ঠানটি যে কনডেনসেট পরিশোধন করে তেল উৎপাদন করছে, সেটিরও অনুমোদন নেই বলে অভিযোগ রয়েছে। জ্বালানি খাতের বিশেষজ্ঞরা অনুমোদনহীন প্ল্যান্টের জন্য অপরিশোধিত তেল আমদানির উদ্যোগকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন।

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি পরিশোধনাগার চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক পরিশোধনক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন। দেশের অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা পূরণে সরকার ইআরএল-২ স্থাপনের উদ্যোগ নিয়েছে। দ্বিতীয় ইউনিটটির বার্ষিক পরিশোধনক্ষমতা হবে ৩০ লাখ টন।

এ অবস্থায় অনুমোদনহীন একটি বেসরকারি রিফাইনারিকে বিপুল পরিমাণ ক্রুড আমদানির সুযোগ দেওয়া হলে রাষ্ট্রীয় বিনিয়োগ ও জ্বালানি বাজারে কী প্রভাব পড়বে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম বলেন, বর্তমানে সারা বিশ্বে জ্বালানি একটি স্পর্শকাতর পণ্য। দেশে সরকারি অনুমোদন ছাড়া ব্যক্তি পর্যায়ে রিফাইনারি নির্মিত হলে তা জ্বালানি নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। অনুমোদন না নিয়ে রিফাইনারি নির্মাণ আইনের লঙ্ঘন। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা উচিত।

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্ধারিত রিফাইনিং নীতি অনুসরণ না করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিপুল পরিমাণ কৌশলগত অপরিশোধিত তেল আমদানির অনুমতি দেওয়া হলে তা আন্তর্জাতিক নীতি ও দেশের আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

তাঁদের অভিযোগ, ইস্টার্ন রিফাইনারি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। এমন পরিস্থিতিতে সরকারি অনুমোদন ছাড়া একটি বেসরকারি প্রতিষ্ঠান বড় অঙ্কের বিনিয়োগে রিফাইনারি নির্মাণ করলেও সেটি বন্ধে বিপিসি বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যকর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...