আর্মি সার্ভিস কোরের সম্মেলনে সেনাপ্রধান, আধুনিকায়নে গুরুত্ব
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬, ০০:০০ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
আর্মি সার্ভিস কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে সরবরাহব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলা, কোরের আধুনিকায়ন ও আভিযানিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আর্মি সার্ভিস কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে ২৫ ও ২৬ নভেম্বর খুলনার জাহানাবাদ সেনানিবাসে। আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) আয়োজিত সম্মেলনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাপ্রধান। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বক্তব্যে সেনাপ্রধান বর্তমান বৈশ্বিক সরবরাহব্যবস্থার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তিকালীন সময়ে সরবরাহ কার্যক্রম সচল রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদা বিবেচনায় আর্মি সার্ভিস কোরের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও আভিযানিক দক্ষতা বাড়ানোর তাগিদও দেন তিনি। আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে কর্মকর্তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের নির্দেশনা দেন সেনাপ্রধান।
সম্মেলনের পাশাপাশি জাহানাবাদে কয়েকটি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান। তিনি সর্বসাধারণের জন্য উন্মুক্ত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল জাহানাবাদ এবং মিলিটারি ড্রাইভিং স্কুল জাহানাবাদের উদ্বোধন করেন। এ ছাড়া বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সেনাপ্রধান আশা প্রকাশ করেন, নবনির্মিত হাসপাতালটি সাধারণ মানুষের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিলিটারি ড্রাইভিং স্কুল দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরির পাশাপাশি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা কমাতে সহায়তা করবে বলেও তিনি আশা করেন।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার উপস্থিত ছিলেন। এ ছাড়া ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।