• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৬, ০০:৫৯ পূর্বাহ্ণ
ফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
সংবাদটি শেয়ার করুন....
দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ১২৭তম রাঙ্গামাটি সার্বজনীন বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা। পূজা ও মেলাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্ত-দর্শনার্থীদের সমাগম ঘটছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ১২৭তম রাঙ্গামাটি সার্বজনীন বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা। পূজা ও মেলাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবের আমেজ। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসছেন এ আয়োজন উপভোগ করতে।
শনিবার (২৮ নভেম্বর) ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি সার্বজনীন শ্রীশ্রী বোল্লাকালী মন্দির প্রাঙ্গণে পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, মন্দির কমিটির সভাপতি বাবু শ্রী উজ্জ্বল রায়সহ কমিটির অন্যান্য সদস্য।
১০ দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে চলছে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান। পাশাপাশি বসেছে ঐতিহ্যবাহী বউ-মেলা। মেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, মনোহারি সামগ্রী ও নানা ধরনের খাবারের দোকান নিয়ে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা পসরা সাজিয়েছেন।
মেলায় বেচাকেনা ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরে পছন্দের জিনিসপত্র কেনাকাটা করতে পেরে আনন্দিত দর্শনার্থীরা।
ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত বলেন, ১২৭তম রাঙ্গামাটি সার্বজনীন বোল্লাকালী পূজা ও বউ-মেলা সফল করতে মন্দির কমিটি এবং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ১০ দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন এলাকার ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও গ্রামীণ উৎসবের মেলবন্ধনে রাঙ্গামাটির বোল্লাকালী পূজা ও বউ-মেলা স্থানীয় মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।