• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ণ
পলাতক স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: জাহেদ উর রহমান
সংবাদটি শেয়ার করুন....

মানবতাবিরোধী অপরাধ করে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগ সংরক্ষণ করে জনগণের সামনে তুলে ধরা হবে।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিদেশে অবস্থানরত পলাতক স্বৈরাচার দেশে ফেরার কথা বলছে। তবে তাদের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, দেশ ছাড়ার আগে তারা যে মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, জাদুঘর ও প্রদর্শনীর মাধ্যমে সেই স্মৃতি জনগণের মনে জাগ্রত রাখা হবে। তাঁর ভাষ্য, পলাতক দলটির কর্মকাণ্ড ও ধ্বংসযজ্ঞ ধারাবাহিকভাবে তুলে ধরা হবে, যাতে জনগণ তাদের প্রত্যাখ্যান করে।

জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগ সমান মর্যাদায় মূল্যায়ন করে তাঁদের স্মারক পর্যায়ক্রমে স্থায়ী জাদুঘরে প্রদর্শনের কথা জানান সংস্কৃতি উপদেষ্টা। সংগৃহীত স্মারক অবহেলিত না থাকে, সে জন্য ঘূর্ণায়মান পদ্ধতিতে প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

তিনি জানান, এ উদ্দেশ্যে জাদুঘরের অন্তত দুটি কক্ষ নির্দিষ্ট করার সিদ্ধান্ত হয়েছে। সেখানে প্রতি ১৫ দিন বা এক মাস পরপর বিভিন্ন শহীদ পরিবারের স্মারক পর্যায়ক্রমে প্রদর্শন করা হবে। এতে প্রতিটি শহীদ পরিবারের স্মারক দর্শনার্থীদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে। জাদুঘরের ব্যবস্থাপনা ও পরিসর উন্নত করতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে জাদুঘরের কার্যক্রম ও প্রদর্শনীর পটভূমি তুলে ধরেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত দেড় দশকের স্বৈরাচারের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

এহসান মাহমুদ জানান, শহীদদের ব্যবহৃত স্মারক সংগ্রহের উন্মুক্ত আহ্বানে এখন পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মৃতিচিহ্ন জাদুঘরে সংরক্ষিত হয়েছে। নিয়মিত গ্যালারিতে জায়গার সীমাবদ্ধতার কারণে বর্তমানে ২০৫ জন শহীদের পাঁচ শতাধিক স্মারক স্থায়ীভাবে প্রদর্শন করা সম্ভব হচ্ছে। তবে জাদুঘরের সংগ্রহে প্রায় দেড় থেকে দুই হাজার স্মারক রয়েছে।

সংগৃহীত স্মৃতিচিহ্নগুলো দেশবাসী ও শহীদ পরিবারের সদস্যদের দেখার সুযোগ করে দেওয়া এবং তাঁদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করানোর উদ্দেশ্যে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

দুই দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...