মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ১১
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে ডিবির দাবি; মেট্রো স্টেশন বন্ধ, জনদুর্ভোগ চরমে
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় কোনো পোশাক কারখানার শ্রমিক নন। তাঁরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসে শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতায় জড়ান। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে।
আজ সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান। তিনি বলেন, আন্দোলন সহিংস রূপ নেওয়ার পর পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নাশকতায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের অভিযোগ, সাধারণ পোশাক শ্রমিকদের ন্যায্য দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। শ্রমিকদের আন্দোলনের আড়ালে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সহিংস কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন বলেও দাবি তাঁদের।
এদিকে, পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত এ বোর্ডে সরকার, মালিক ও শ্রমিক—তিন পক্ষের প্রতিনিধিরা রয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করা হবে বলে সরকারের দায়িত্বশীল মহল জানিয়েছে।
অন্যদিকে, শ্রমিকের ছদ্মবেশে রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মিরপুরে আন্দোলনের নামে সড়ক অবরোধ ও সহিংসতার কারণে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুরের গুরুত্বপূর্ণ কয়েকটি মেট্রো স্টেশন কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এতে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষসহ হাজারো যাত্রী।
শ্রমিকদের ন্যায্য মজুরির দাবির সমাধানে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার উদ্যোগের মধ্যেই আন্দোলনকে কেন্দ্র করে এমন সহিংসতা তৈরি হওয়ায় তৈরি পোশাক খাতের স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।