
ক্ষমতায় গেলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা আড়াইটার দিকে নীলফামারী পৌরসভা মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, নীলফামারীকে একটি শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এখানে কল-কারখানা স্থাপন করা হবে, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ডসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যেমন কোনো ধর্ম-বর্ণের বিভাজন ছিল না, তেমনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার পতনের ক্ষেত্রেও ধর্ম-বর্ণের কোনো বিভেদ ছিল না। বিএনপি ক্ষমতায় এলে ধর্ম কিংবা বর্ণের ভিত্তিতে কাউকে বিচার করা হবে না। তিনি স্পষ্ট করে বলেন, আগামীর রাজনীতি হবে দেশ গঠনের রাজনীতি, যেখানে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, এখন সময় এসেছে জনগণের ক্ষমতার প্রকৃত মূল্যায়ন করার। আগামী দিনে মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে। একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
তারেক রহমান অভিযোগ করে বলেন, ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এসব অন্যায়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
বক্তব্য শেষে নীলফামারী-১ আসনে জোটপ্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মওলানা মঞ্জুরুল আলম আফেন্দী, নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ আলী এবং নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারকে জনসভায় পরিচয় করিয়ে দেওয়া হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, আহ্বায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন, নীলফামারী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব উর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবুসহ অনেকে।
এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নীলফামারী পৌর মাঠে উপস্থিত হন।