• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচন : ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললো ছাত্রদল সমর্থিত প্যানেল

ক্যাম্পাস প্রতিনিধি, জবি
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
জকসু নির্বাচন : ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললো ছাত্রদল সমর্থিত প্যানেল
সংবাদটি শেয়ার করুন....

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রের ভেতরে একটি নির্দিষ্ট প্যানেলের টোকেন (ভোটার নম্বর) প্রবেশ করানোকে কেন্দ্র করে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী রাকিব। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ক্যাম্পাস ও ভোটকেন্দ্রে কোনো প্রার্থীর টোকেন বা ভোটার নম্বর প্রবেশ করানোর সুযোগ থাকার কথা নয় এবং সে নির্দেশনা মেনেই তাদের প্যানেলের টোকেন শুরুতে ক্যাম্পাসে প্রবেশ করানো হয়নি। তবে ভোট শুরুর পর তারা লক্ষ্য করেন, একটি নির্দিষ্ট প্যানেলের টোকেন শুধু ক্যাম্পাসেই নয়, সরাসরি ভোটকেন্দ্রের ভেতরেও প্রবেশ করেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন ও প্রোক্টোরিয়াল টিমকে জানানো হলেও প্রথমে তা অস্বীকার করা হয়; পরে প্রমাণ উপস্থাপন করা হলে তাদের প্যানেলকেও টোকেন প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেই অনুমতির পরও দেখা যায়, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শৃঙ্খলা রক্ষাকারীরা একটি নির্দিষ্ট প্যানেলের টোকেন ছাড়া অন্য কোনো টোকেন নিয়ে প্রবেশ করতে দিচ্ছেন না। রাকিবের ভাষ্য অনুযায়ী, এটি স্পষ্ট দ্বিচারিতা—যদি টোকেন নিষিদ্ধ হয় তবে সবার জন্যই নিষিদ্ধ হতে হবে, আর যদি অনুমোদিত হয় তবে সবার জন্য সমানভাবে অনুমোদন থাকতে হবে। ভিন্ন ভিন্ন নিয়ম প্রয়োগ চলতে থাকলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে বলেও তিনি মন্তব্য করেন। তবে এ মুহূর্তে অন্য কোনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাদের কাছে নেই বলে জানান তিনি। সংবাদ সম্মেলনের শেষদিকে রাকিব বলেন, তাদের প্যানেলের টোকেন নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা ভিত্তিহীন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষেই টোকেন ভেতরে নেওয়া হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। এ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ রয়েছে এবং ভোটগ্রহণ শেষে ৬টি ডিজিটাল ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।