
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পর্যবেক্ষক কার্ড (পরিচয়পত্র) ও যানবাহনের স্টিকার ইস্যুর ক্ষেত্রে নির্বাচন কমিশন বিশেষ নির্দেশনা জারি করেছে। রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নির্বাচনে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, ২০২৫’ অনুসরণ করে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮১টি পর্যবেক্ষক সংস্থার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ৭ হাজার ৯৯৭ জন এবং সংসদীয় আসনভিত্তিক স্থানীয়ভাবে ৪৭ হাজার ৪৫৭ জনসহ মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে। পর্যবেক্ষক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে কমিশন নির্দেশনা দিয়েছে যে, আবেদনের সঙ্গে ইলেকশন অবজারভার-২ ও ইলেকশন অবজারভার-৩ ফরম যথাযথভাবে সংযুক্ত আছে কি না তা যাচাই করতে হবে। পাশাপাশি পর্যবেক্ষকদের জন্মতারিখ অবশ্যই ১১ ফেব্রুয়ারি ২০০৫ অথবা তার আগে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের সনদের সত্যায়িত কপি জমা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক পর্যবেক্ষক সংস্থার প্রধানকে তার প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষকদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই—এ মর্মে লিখিত প্রত্যয়ন প্রদান করতে হবে।