• ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন প্রধানমন্ত্রী, জানুয়ারিতে শুরু বাস্তবায়ন

দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে ঘিরে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা; ২০৪১ সালের মধ্যে পর্যটন খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা।

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ণ
ডিসেম্বরে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন প্রধানমন্ত্রী, জানুয়ারিতে শুরু বাস্তবায়ন
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগামী ডিসেম্বরে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জানুয়ারি থেকেই দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে কেন্দ্র করে শুরু হবে সমন্বিত উন্নয়ন কার্যক্রম। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটন বিপণন, বিনিয়োগ, কর্মসংস্থান, দক্ষ জনবল তৈরি এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করাই এই মহাপরিকল্পনার অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর ঢাকায় পাঁচ দিনব্যাপী প্রস্তাবিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি এবং এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

বিটিবি প্রধান জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই শেষে মহাপরিকল্পনাটি হাতে পাওয়ার আশা করা হচ্ছে। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হলে ২০২৭ সালের জানুয়ারি থেকে বাস্তবায়ন কার্যক্রম শুরুর লক্ষ্য রয়েছে।

মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখায় দেশের আটটি বিভাগে ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ ও আকর্ষণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সমুদ্রসৈকত, ইকো-ট্যুরিজম, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় স্থান, অ্যাডভেঞ্চার, নদী, গ্রামীণ পর্যটন, ক্রুজ এবং আন্তর্জাতিক সম্মেলনভিত্তিক পর্যটন বিকাশের পরিকল্পনা রয়েছে।

এ পরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পর্যটন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা এবং স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবও রয়েছে।

বিটিবি প্রধানের মতে, মহাপরিকল্পনা বাস্তবায়ন মানেই শুধু হোটেল, রিসোর্ট কিংবা পর্যটন অবকাঠামো নির্মাণ নয়। পর্যটন গন্তব্যের প্রচারণা, ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠাও এর গুরুত্বপূর্ণ অংশ।

এ লক্ষ্যে অগ্রাধিকারভিত্তিক প্রকল্প গ্রহণ, বিনিয়োগে প্রণোদনা, অর্থায়নের বিকল্প উৎস নির্ধারণ এবং বাস্তবায়ন কার্যক্রম তদারকির কাঠামো তৈরির প্রস্তাব রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে পর্যটনকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন।

কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি। কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মোটেল লাবণী চত্বরে আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে অন্তর্ভুক্ত করে মহাপরিকল্পনা চূড়ান্ত করার পাশাপাশি কমিউনিটিভিত্তিক পর্যটন, পর্যটকদের নিরাপত্তা এবং পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নয়নে কাজ করছে সরকার। এ ছাড়া ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজও শুরু হয়েছে।

পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের বিপুল পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হলে মহাপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজন সমন্বিত বিনিয়োগ, দক্ষ জনবল, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের সেবার মান উন্নয়ন।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ পর্যটন খাতের শক্তিশালী প্রতিষ্ঠান গঠন, পেশাদার প্রশিক্ষণ ও নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন। সংগঠনটির সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের অভিজ্ঞতা ও সেবার মান বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন।

প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পরিবেশগত স্থায়িত্ব, পর্যটন বিপণন, উন্নত যোগাযোগব্যবস্থা এবং বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের পর্যটন শিল্পে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক পর্যটন বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার সম্ভাবনাও তৈরি হবে।