• ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে হবে, পরিবর্তন আনতে হবে মানসিকতায়: রাষ্ট্রপতি

উপজেলা পর্যায়ে চিকিৎসক সংকট নিরসন ও গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারের আহ্বান; চিকিৎসা খাতের দলীয়করণ বন্ধের ওপর গুরুত্বারোপ।

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ণ
স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে হবে, পরিবর্তন আনতে হবে মানসিকতায়: রাষ্ট্রপতি
সংবাদটি শেয়ার করুন....

দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট সবার মানসিকতা, দায়িত্ববোধ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবার মন-মানসিকতারও পরিবর্তন জরুরি। চিকিৎসাশাস্ত্রে দেশের মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করছেন এবং এ খাতে সরকারের বিপুল বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না।

দেশের চিকিৎসাব্যবস্থায় নানা জটিলতার কারণে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না।

সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক সময় চিকিৎসক পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

তরুণ চিকিৎসকদের গ্রামীণ এলাকায় চিকিৎসাসেবা দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অনেক চিকিৎসক পড়াশোনা শেষ করার পর গ্রামে যেতে চান না। কেউ কেউ গেলেও কিছুদিন পর অন্য প্রশিক্ষণ বা কাজে চলে যান। এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব।

পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।

রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। এই ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশে একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা ও ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।