• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি বুধবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫, ১৩:২১ অপরাহ্ণ
প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি বুধবার
সংবাদটি শেয়ার করুন....

দেশের এক হাজার ৭৭২টি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবিতে বুধবার (২৬ নভেম্বর) ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘোষণা দেন পরিষদের সভাপতি মো. ইলিয়াস রাজ। তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি দিয়েও প্রতারণা করা হয়েছে। মাসের শুরুতে ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণা করলে ডেকে এক সপ্তাহ অপেক্ষা করতে বলা হয়।

প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান থাকাকালে আবার ডেকে শিক্ষা উপদেষ্টা এক মাস সময় চান, কিন্তু আমরা জানিয়ে দিয়েছি আর বিশ্বাস করতে পারছি না। আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবো এবং প্রজ্ঞাপন ছাড়া আর পিছু হটবো না।

এর আগে ৩ নভেম্বর ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণা করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়তে হয়। শিক্ষকদের পাঁচ দাবি হলো—১. অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করা। ২. সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নিশ্চিত করা।

৩. বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ৩ হাজার টাকা নির্ধারণ। ৪. মিড-ডে মিল, উচ্চ উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান এবং থেরাপি সেন্টার বাস্তবায়ন। ৫. ভোকেশনাল শিক্ষা কারিকুলামে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও পুনর্বাসন নিশ্চিত করা এবং সব চাকরিতে প্রতিবন্ধী কোটা সুনিশ্চিত করা।