শার্শায় সরকারি ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানা স্থাপনের প্রস্তাব সংসদে
বেনাপোল(যশোর)সংবাদদাতা
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
যশোরের শার্শা উপজেলায় সরকারি উদ্যোগে ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানা স্থাপনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। শার্শাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবির বিষয়টি সংসদে তুলে ধরেছেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আজিজুর রহমান।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কার্যসূচিতে শার্শা উপজেলায় সরকারি উদ্যোগে ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানা স্থাপনের জন্য এ সিদ্ধান্ত-প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, “সংসদের অভিমত এই যে, যশোর জেলার শার্শা উপজেলায় সরকারিভাবে একটি ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানা স্থাপন করা হউক।”
সংশ্লিষ্টরা মনে করছেন, শার্শায় সরকারি উদ্যোগে ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানা স্থাপন করা হলে স্থানীয় অর্থনীতিতে গতি আসবে। একই সঙ্গে বেকারত্ব কমানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। স্থানীয়ভাবে উৎপাদন ও উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।
সীমান্তবর্তী শার্শা উপজেলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। বেনাপোল স্থলবন্দরকে কেন্দ্র করে এ অঞ্চলে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটলেও স্থানীয়ভাবে শিল্পকারখানা ও কর্মসংস্থানের সুযোগ তুলনামূলকভাবে সীমিত। এ অবস্থায় ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনের প্রস্তাবকে শার্শাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে শার্শার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি উপজেলার সামগ্রিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করছেন স্থানীয়রা।