ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি বিএসএফের হাতে আটক হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শনিবার ভোররাতে আসাদুল হকসহ পাঁচ বাংলাদেশি চান্দেরহাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের কালিয়াগঞ্জের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আসাদুল হক আহত হন।
এ সময় আরও দুই বাংলাদেশিকে আটক করে বিএসএফ। একজন পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। অপর একজন নিখোঁজ রয়েছেন। আটক ও নিখোঁজ ব্যক্তিদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গুলিতে আহত আসাদুল হককে বিএসএফ ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার বিকেলে ওই হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
ঘটনাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও চান্দেরহাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন।
তবে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল হাকিম শনিবার রাত সাড়ে ১০টার দিকে জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং এ বিষয়ে খোঁজখবর রাখছেন।