বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় সাংবাদিক
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ব্রিসবেনে বন্যার সংবাদ সংগ্রহের সময় পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে এক চালককে উদ্ধারে সহায়তা করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে। স্থানীয় বাসিন্দা ড্যানিয়েল হ্যালিকে সঙ্গে নিয়ে পানিতে ঝাঁপ দিয়ে গাড়ির ভেতরে আটকে পড়া চালককে বের করে আনেন তিনি। ঘটনাটিকে ‘ভয়ংকর’ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন এই সাংবাদিক।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসির সাংবাদিক উইল মারে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের ব্রিসবেনে বন্যার খবর সংগ্রহ করছিলেন। এ সময় তিনি একটি গাড়িকে ক্রমবর্ধমান বন্যার পানিতে ডুবে যেতে দেখেন।
পরিস্থিতি দেখে স্থানীয় বাসিন্দা ড্যানিয়েল হ্যালির সঙ্গে পানিতে ঝাঁপ দেন মারে। পরে তাঁরা গাড়িটির ওপর উঠে দরজা খুলে ভেতরে আটকে থাকা চালককে উদ্ধারে সহায়তা করেন।
শুক্রবার এবিসির ‘ব্রেকফাস্ট’ টেলিভিশন অনুষ্ঠানে মারে বলেন, ঘটনাটি সত্যিই ভয়ংকর ছিল।
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, সকালে ভালো ঘুমের পর এবং আগের রাতে কয়েক গ্লাস রেড ওয়াইন পান করার কারণেও হয়তো এখন বেশ ভালো বোধ করছেন তিনি।
এদিকে, স্থানীয় বাসিন্দারা সাংবাদিক উইল মারেকে নতুন একটি ডাকনাম দিয়েছেন বলে জানান ড্যানিয়েল হ্যালি।
হ্যালি বলেন, ‘ম্যাড ডগ মারে… এখানকার মানুষ এখন তাকে এই নতুন নামেই ডাকছেন।’