• ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শতবর্ষের উৎসবে শৈশবে ফিরলেন সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬, ০১:২১ পূর্বাহ্ণ
শতবর্ষের উৎসবে শৈশবে ফিরলেন সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রী
সংবাদটি শেয়ার করুন....

পুরোনো শ্রেণিকক্ষ, পরিচিত বারান্দা আর ফেলে আসা শৈশবের স্মৃতিতে আবারও মুখর হয়ে উঠেছে ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী উৎসবে দেশ-বিদেশ থেকে অংশ নিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রী। বয়স ও পেশাগত পরিচয়ের ব্যবধান ভুলে সহপাঠীদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন কয়েক প্রজন্মের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সকাল ১০টায় প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বগুড়া রোড, সদর রোড ও ফজলুল হক অ্যাভিনিউ প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে দিয়ে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

শতবর্ষ পূর্তি উপলক্ষে বিদ্যালয়কে সাজানো হয়েছে নতুন রূপে। বিকেলে জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দুই দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ বেগম সেলিমা রহমান এমপি ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা, স্বাগত বক্তব্য, স্মরণিকার মোড়ক উন্মোচন ও বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করা হয়। প্রথম দিনের আয়োজনের মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত। দ্বিতীয় দিনে থাকছে স্মৃতিচারণ, মিউজিক্যাল পিলো পাসিং, হাঁড়িভাঙা, চকলেট দৌড়সহ নানা আয়োজন।

নারী শিক্ষার প্রসারে ঐতিহাসিক ভূমিকা রাখা বিদ্যালয়টির যাত্রা শুরু হয় ১৮৭৩ সালে একটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে। পরবর্তীতে ১৯২৩ সালে এটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপ নেয়। ১৯৬১ সালের ১২ এপ্রিল বিদ্যালয়টি সরকার জাতীয়করণ করে ‘বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ নামকরণ করে।

দীর্ঘ পথচলায় এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছেন লক্ষাধিক ছাত্রী। বর্তমানে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই হাজার শিক্ষার্থী বিদ্যালয়ে অধ্যয়ন করছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ছয়তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন।

দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে অনেকেই খুঁজে পেয়েছেন হারিয়ে যাওয়া স্কুলজীবন। কেউ ফিরে পেয়েছেন পুরোনো বান্ধবীকে, কেউ স্মৃতির পাতায় ডুব দিয়ে ক্যামেরাবন্দি করেছেন আনন্দঘন মুহূর্ত। সব মিলিয়ে শতবর্ষের এই আয়োজন পরিণত হয়েছে কয়েক প্রজন্মের প্রাক্তন ছাত্রীদের এক আবেগঘন মিলনমেলায়।