• ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সব প্রস্তুতি নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৬, ১৫:৫০ অপরাহ্ণ
দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সব প্রস্তুতি নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। একই সঙ্গে পূজাকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় মহানগর পূজা উদযাপন কমিটির নেতারা এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতিরা অংশ নেন।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী সবার প্রিয় শহর। এখানে মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। পূজার আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় সভায় পূজা উদযাপন-সংশ্লিষ্ট ব্যক্তিদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, উৎসবের আনন্দ যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশের দরিদ্র ও অসহায় শিশুরা যেন খাবার কিংবা নতুন পোশাকের অভাবে কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সবাইকে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।

শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের ওপর গুরুত্ব দিয়ে মো. মিজানুর রহমান মিনু বলেন, কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই পূজার আয়োজকদের পাশে রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও বিভিন্ন দাবি তুলে ধরেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...