‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্যে আজ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ডাক অধিদপ্তর।
স্মার্ট ও আধুনিক ডাকসেবা নিশ্চিত করার প্রত্যয়ে আজ শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬। এ উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি গ্রহণ করেছে ডাক অধিদপ্তর।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’।
দিবসটি উপলক্ষে আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি।
বিশ্ব ডাক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ ও আগামীকাল ডাক বিভাগের সব পর্যায়ের কার্যালয়ে সাধারণ ডাকসেবা চালু রাখা হয়েছে। তবে এ কার্যক্রমের আওতায় সঞ্চয় ব্যাংক সেবা অন্তর্ভুক্ত নয়। একই সঙ্গে আজ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে পালিত হচ্ছে ‘ডাকসেবা সপ্তাহ’।
ডাকসেবা সপ্তাহ উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকতে বিশেষ চিঠি উৎসবের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ডাকটিকিট সংগ্রহ ও প্রদর্শনী এবং ডাকসেবাবিষয়ক মেলার আয়োজন করা হয়েছে।
ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত ডাক নেটওয়ার্ক কাজে লাগিয়ে মানুষের দোরগোড়ায় দ্রুত ও সাশ্রয়ী সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য।
বর্তমানে বাংলাদেশ ডাক বিভাগ ঐতিহ্যবাহী ডাকসেবার পাশাপাশি একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ ও জনবান্ধব পণ্য পরিবহন ও সরবরাহসেবা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য এবং আর্থসামাজিক উন্নয়নে ডাক ব্যবস্থার অবদান সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্ব ডাক দিবস পালন করা হয়।
১৮৭৪ সালের ৯ অক্টোবর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রতিষ্ঠিত হয়। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৯৬৯ সালে টোকিওতে অনুষ্ঠিত ইউপিইউ কংগ্রেসে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।