সাম্য ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল উপজীব্য। ধর্মীয় বিধান ও সংস্কৃতি পালনের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতার মাধ্যমে সমাজে শান্তি বজায় রাখা সবার দায়িত্ব।
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানবতার কল্যাণও সব ধর্মের অন্যতম প্রধান শিক্ষা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
বাণীতে তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি অনুসরণের পাশাপাশি মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখবেন—এটাই প্রত্যাশিত। সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ মূল্যবোধের চর্চা জরুরি।
প্রধানমন্ত্রী বলেন, হিন্দু ধর্মমতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আগমন করেন। তিনি ভক্তদের কল্যাণ সাধন করেন, অশুভ শক্তির বিনাশ করেন এবং সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনাই শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে বিশেষ মাত্রা দিয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করে আসছেন। দেশের আবহমান ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির সৌন্দর্য এখানেই। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।
তারেক রহমান বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের অবসানের পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে শুরু হয়েছে দেশ পুনর্গঠনের ব্যাপক কর্মযজ্ঞ। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই সরকারের অঙ্গীকার।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ আরও সমৃদ্ধ হবে।
বাণীর শেষাংশে তিনি বলেন, ‘ধর্ম যার যার—রাষ্ট্র সবার। ধর্ম যার যার—নিরাপত্তা পাবার অধিকার সবার।’ হিন্দু সম্প্রদায়ের প্রতি উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি দেশজুড়ে নির্ভয়ে, নিশ্চিন্তে ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।