• ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভীমরুলের কামড়ে আহত সৈয়দপুর ওসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬, ০০:৩৯ পূর্বাহ্ণ
ভীমরুলের কামড়ে আহত সৈয়দপুর ওসি
সংবাদটি শেয়ার করুন....

নীলফামারীর সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা ভীমরুলের কামড়ে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে তার সরকারি বাসভবনে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন এবং এখন অনেকটা সুস্থ বোধ করছেন।
জানা যায়, ওসি মো. রেজাউল করিম রেজা তার সরকারি বাসভবনে অবস্থান করছিলেন। এ সময় বাসভবনের পাশে আগে থেকেই থাকা একটি ভীমরুলের বাসা থেকে হঠাৎ কয়েকটি ভীমরুল একসঙ্গে উড়তে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই এর মধ্য থেকে বিষাক্ত ভীমরুল তাঁকে কামড় দেয়। ভীমরুলের বিষাক্ত দংশনে তার শরীরের আক্রান্ত স্থান দ্রুত ফুলে যায় এবং তীব্র যন্ত্রণা অনুভূত হয়। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে একজন চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করেন তিনি।
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, “বাসার পাশেই ভীমরুল বাসা বেঁধেছিল। হঠাৎ কয়েকটি ভীমরুল সামনে চলে আসে এবং একটি আমাকে কামড় দেয়। কামড়টি বেশ বিষাক্ত হওয়ায় শরীর ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়। পরে চিকিৎসকের দেওয়া সেবা ও ওষুধ নেওয়ার পর বাসায় বিশ্রামে আছি। বর্তমানে ব্যথার তীব্রতা কমেছে এবং নিজেকে অনেকটা সুস্থ বোধ করছি।”
এদিকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এমন আকস্মিক আহতের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সৈয়দপুর থানার সহকর্মী পুলিশ সদস্যরাসহ তাঁর বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গুণীজনেরা। তারা সকলে তাঁর দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা ও আরোগ্য কামনা করেছেন।