বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী। এতে দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
সংবাদ সম্মেলনে রিজভী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তিনি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। প্রতিবছরের মতো বিএনপির পক্ষ থেকেই এ সভা অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে বলে জানান রিজভী। উপযুক্ত দিনক্ষণ নির্ধারণ করে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আর বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও কিছু কর্মসূচির খসড়া নেওয়া হয়েছে। দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে সেগুলো জানিয়ে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন রিজভী। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমান জাতিকে উজ্জীবিত করেছিলেন। ছাত্র, শিক্ষক, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে তিনি প্রেরণা জুগিয়েছিলেন।
রিজভীর ভাষ্য অনুযায়ী, দেশের এক ভয়াবহ ক্রান্তিকালে ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি দেশে গণতন্ত্র, মানুষের কথা বলা ও চলাচলের স্বাধীনতাসহ বিভিন্ন অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা ও গণতন্ত্র—এই তিনটি প্রত্যয় সামনে রেখে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এ চেতনাকে ধারণ করে জিয়াউর রহমান দেশকে উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে নিয়ে যান।