• ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৬, ১৫:৩১ অপরাহ্ণ
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা
সংবাদটি শেয়ার করুন....

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রতারণার সঙ্গে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার।

প্রবাসীদের বিমানবন্দরে সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ ও ‘প্রবাসী ব্যাংক’সহ বিভিন্ন সেবা চালুর বিষয়ে কাজ চলছে।

বৃহস্পতিবার রাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা ও অর্থায়নে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ২৫টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী।

তিনি জানান, প্রবাসীদের সমস্যার কথা শোনা এবং তা সমাধানের উদ্যোগ নিতে সপ্তাহে অন্তত এক দিন সময় বরাদ্দ রাখার জন্য সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, পৃথিবী যত দিন থাকবে, সমস্যা তত দিন থাকবে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ধাপে ধাপে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীরা যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে সেবা পান, সে জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কারিগরি দক্ষতার গুরুত্ব তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, এ ক্ষেত্রে দক্ষ কর্মী তৈরি করা জরুরি। এ জন্য দেশের প্রতিটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি কওমি মাদরাসাগুলোতেও কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এবং সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবর রব চৌধুরী ফয়সল উপস্থিত ছিলেন।