ঢাকার ২০ জোনে বিশেষ কমিটি, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় জোর
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে বিশেষ তদারকি কমিটি গঠন করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম, খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণের অগ্রগতি নিশ্চিত করতে এসব কমিটি কাজ করবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নে ঢাকা মহানগরীর ২০টি জোনে বিশেষ তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা জোরদার, খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি অর্জনই এসব কমিটির মূল লক্ষ্য।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ভিত্তিক এলাকায় মোট ২০টি কমিটি কাজ করবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব জোনাল কমিটির নেতৃত্ব দেবেন।
কমিটিগুলোতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, মেট্রোপলিটন পুলিশ এবং দুই সিটি করপোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল উইং ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা থাকবেন। পাশাপাশি প্রতিটি কমিটির সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম, খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণের অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
এদিকে ২০টি জোনাল কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ, পরিচালনা ও সমন্বয়ের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, স্বাস্থ্যসেবা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।
জোনাল কমিটিগুলো সরেজমিনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, খালের সীমানা চিহ্নিতকরণ ও খননকাজ জোরদার এবং মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।