• ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬, ০২:১১ পূর্বাহ্ণ
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে পারলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা এবং সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

দেশকে এগিয়ে নিতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। তাহলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে এবং গড়ে তোলা যাবে সবার জন্য বাংলাদেশ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তুলতে হলে যুবকদেরই এগিয়ে আসতে হবে।’

যুবসমাজের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ রয়েছেন, যাঁরা শিক্ষার্থী কিংবা বিভিন্ন পেশায় যুক্ত। পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাঁরা মানুষের কল্যাণে স্বেচ্ছায় এগিয়ে আসছেন এবং বিপদে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। দেশের জন্য তাঁদের এই উদ্যোগ ও অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অলিম্পিকের মতো প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারীদের অধিকাংশই তরুণ। একইভাবে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনেও প্রবীণেরা মেধা, বুদ্ধি ও পরামর্শ দিয়ে সহযোগিতা করলেও সরাসরি মাঠপর্যায়ে তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, দেশের বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শক্তিকে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো এখন শুধু সরকারের নয়, দেশের মানুষেরও। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

তরুণ উদ্যোক্তা ও প্রতিভাবান যুবকদের সহায়তায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্টার্টআপ তহবিল বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। দেশের মেধাবী ও প্রতিভাবান তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে।

তিনি বলেন, তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহাকে কাজে লাগাতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। শুধু ব্যক্তিগত উন্নতির কথা না ভেবে দেশের প্রতিটি মানুষের কল্যাণের বিষয়েও তরুণদের ভাবতে হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।

এ ছাড়া যুব সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে দেশের ৪৩২টি যুব সংগঠনকে আর্থিক অনুদান দেওয়া হয়। প্রতিটি সংগঠন পেয়েছে দুই লাখ টাকা করে।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্য থেকে তিনজন তাঁদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। তরুণ ও যুবকদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তরুণদের দেশপ্রেম, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য নিয়েই সবাইকে এগিয়ে যেতে হবে।