• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চিকিৎসা, কৃষি ও অবকাঠামো খাতে কর্মসংস্থানের সম্ভাবনা; বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬, ১৯:১৮ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
সংবাদটি শেয়ার করুন....
বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিন দেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

আজ সকালে বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত এবং গায়ানা ও ফিজির অনাবাসিক হাইকমিশনাররা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এসব আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবাসহ বিভিন্ন খাতে তাঁদের কাজের সক্ষমতা রয়েছে।

তিনি অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এ ক্ষেত্রে স্বচ্ছ, দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় দ্বিপাক্ষিক সমঝোতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতায় প্রথমে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক, পরে গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং সবশেষে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় বঙ্গভবনে পৌঁছালে তাঁদের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার ব্যালেনের প্রতি শুভেচ্ছা জানান। পাশাপাশি বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর এবং সরাসরি বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি খাতেও সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

জবাবে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদানের বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা জানান। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

অন্যদিকে, গায়ানার হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলীর পুনর্নির্বাচনে অভিনন্দন জানান রাষ্ট্রপতি এবং তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে বাংলাদেশে গায়ানার বিনিয়োগ বাড়ানো এবং গায়ানায় বাংলাদেশের ওষুধ রপ্তানি সম্প্রসারণে প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তিনি।

ফিজির হাইকমিশনারের সঙ্গে আলোচনায় কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে তিন দেশের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক আরও জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতিও তাঁদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।